Image description

পাবনার চাটমোহরে ১২০ টাকা চুরির অভিযোগ তুলে জনসমক্ষে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে এক কিশোরী গৃহকর্মীকে। অপমান সইতে না পেরে শ্রাবন্তী খাতুন (১৪) নামে ওই কিশোরী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শ্রাবন্তী দিনমজুর আলতাব হোসেনের মেয়ে। প্রায় এক বছর যাবৎ সে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। শুক্রবার সকালে হান্নান মোল্লার ঘরের আলমারির ড্রয়ার থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এ ঘটনায় শ্রাবন্তীকে সন্দেহ করেন হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন।

একপর্যায়ে শ্রাবন্তীর দুই হাত খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন তারা। এ সময় উপস্থিত কয়েকজন প্রতিবেশী নির্যাতনের ভিডিও মোবাইল ফোনেও ধারণ করেন।

স্থানীয় লোকজন বলছেন, সবার সামনে এমন নির্যাতন ও অপমান সইতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে ১৪ বছর বয়সী শ্রাবন্তী। পরে বাড়ি ফিরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

এদিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে চাটমোহর থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি আটক করা হয় অভিযুক্ত হান্নান মোল্লাকে।

শ্রাবন্তীর মামা সিফাত হোসেন জানান, ‘আমার ভাগনি যদি চুরি করেও থাকে, তাহলে তার মা-বাবাকে জানানো যেত। কিন্তু তা না করে সবার সামনে তাকে খুঁটিতে বেঁধে মারধর করা হয়েছে। এই অপমান সইতে না পেরেই মেয়েটা নিজের জীবন দিলো। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘প্রাথমিক তদন্তে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। মূল অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করা হয়েছে। মামলা এবং তদন্ত শেষে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’