Image description

ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের শপথের ঠিক চব্বিশ ঘণ্টা আগে কলকাতায় এসে পৌঁছেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে থেকে সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরে যান তিনি। 

দলের জয়ের পর নিজে হাতে পুজো দেন শাহ। এরপর নিউটাউনের বিলাসবহুল হোটেলে পৌঁছনোর কথা তার।

বিকেলে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন শাহ। সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়ে যাবে বলে জানিয়েছে আনন্দবাজার। 

 

আগামীকাল শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবেন শাহ। সেখানেই শপথে নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

 

 

বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সেই কাজে তার সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। 

নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছাই করার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তারা দলের নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেন।

সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। 

 

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। বিজেপির অন্দরেও তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করতে পারে পদ্মশিবির। তবে শুভেন্দুর নামে শেষপর্যন্ত সিলমোহর পড়বে, না কি অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে, তা শুক্রবার সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করছেন অনেকে।

 

 

উল্লেখ্য, নতুন মুখ্যমন্ত্রী হিসাবে যার নাম স্থির হবে, তিনিই সন্ধ্যায় শপথ নিতে যাওয়া বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের কাছে সরকার গঠনের আবেদন জানাবেন।