Image description

২০১৩ সালের ৫ মে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে ঘটনার ইতিহাস কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

 

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের জমিয়ত মিলনায়তনে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজন করে।

 

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শাপলা চত্বরের ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িত ত্যাগ, সংগ্রাম ও বাস্তবতা সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ধারণা দেওয়ার লক্ষ্যে কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে শাপলার ইতিহাস অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।

 

ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি সাইফ বিন জামালের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাব্বির বিন জুয়েলের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ সাআদ বিন জাকির।

 

 

কওমি শিক্ষাব্যবস্থায় শাপলার ইতিহাস অন্তর্ভুক্তের দাবি জানিয়ে সাআদ বিন জাকির বলেন, শাপলা চত্বরের ঘটনায় বহু আলেম, তৌহিদি জনতা ও সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল। তাদের আবেগ, আত্মত্যাগ ও আন্দোলনের পেছনের প্রেক্ষাপট ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সত্য ও বাস্তব ইতিহাস জানতে পারে, সে লক্ষ্যে কওমি শিক্ষাব্যবস্থায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

 

 

 

এতে আরও বক্তব্য দেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা কবির আহমদ, শাহিদ আদনান, ইমরান হোসাইন, শাহাদাত হোসাইন প্রমুখ।