রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার বয়স ৬০ বছরের কাছাকাছি।
আজ (শুক্রবার) ভোরের দিকে সোনারগাঁও হোটেল মোড়ের ট্রাফিক বক্সের সামনে থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগতির গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।