Image description

ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। এবার সে জল্পনাকে আরও উস্কে দিলেন রাজ চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজের রাজনৈতিক জীবন নিয়ে বড় ইঙ্গিত দিলেন টলিউডের এই জনপ্রিয় পরিচালক।

 

২০২১ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজনীতিতে অভিষেক হয় রাজ চক্রবর্তীর। সেই সময় তার জয়কে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছিল রাজনৈতিক এবং বিনোদন মহলে। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচী-র কাছে পরাজিত হন তিনি।

 

ফল ঘোষণার দিন ব্যারাকপুরে উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি হতে হয় রাজকে। অভিযোগ, তাকে লক্ষ্য করে কাদা ও গোবর ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিয়ে কোনোরকমে এলাকা ছাড়েন পরিচালক। এরপর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

 

অবশেষে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ। তিনি লিখেছেন, ‘জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি, নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ...’

 
 

 

এরপর রাজ আরও লেখেন, ‘মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী পাঁচ বছর ধরে সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গেছি। সে অধ্যায় শেষ হলো ২০২৬-এ। সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথচলা।’

 

রাজের এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের মতে, সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। পোস্টটি তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়েছেন।