Image description

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে এক বিএনপি নেতার ছেলেকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মোবারক করিম স্বাধীন বিশনন্দী ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী মাসুদের ছেলে।

বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপালদী পৌরসভার কবরস্থান মোড় এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ স্বাধীনকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে হস্তান্তর করা হয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে।

খবর পেয়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের সমর্থকেরা জড়ো হন তদন্ত কেন্দ্রের সামনে। একপর্যায়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হলে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আসাদুর রহমান। মাদক সেবনের দায়ে স্বাধীনকে দেওয়া হয় তিন দিনের কারাদণ্ড।

এদিকে, ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম। অভিযোগ, গাজী মাসুদের অনুসারীরা তাকে পাশের কড়ইতলা গ্রামে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। তাকে রক্ষা করতে গিয়ে বিএনপি নেতা দাইয়ানও আহত হন।

এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, ঘটনা তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।