Image description

গ্যাস সংযোগ ও দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, যেসব এলাকায় নিয়মিত বিল নেওয়া হলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা যাচ্ছে না, সেখানে গ্রাহকদের বিল স্থগিত করতে হবে।

 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাপাপুরের অফিসে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন এমপি মনিরুল হক চৌধুরী।

 

সভায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখকে উদ্দেশ্য করে এমপি মনিরুল হক বলেন, ১৫ দিনের মধ্যে আমাকে জানান। লাইন কাটার দরকার নেই। যাদের গ্যাস দিতে পারছেন না, তাদের বিল স্থগিত করুন।

 

তিনি বলেন, ‘যে চুরির গ্যাস লাইন দিছেন, এসবের হিসাব চাইলে একটারও চাকরি থাকত না। আমি হিসাব চাইলে কবর থেকে উঠিয়ে এনে হিসাব নেব।’

 
 

 

এমপি অভিযোগ করেন, অনেক এলাকায় নিয়মিত বিল আদায় করা হলেও গ্রাহকরা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

 

তিনি বলেন, গ্যাস না দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিল আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

এ সময় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখকে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে তাকে জানানোর নির্দেশ দেন এমপি।