ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির বোন মাসুমা হাদি বলেছেন, শরিফ ওসমান হাদি চেয়েছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করতে। ইন্টেরিম গভর্মেন্টকে (অন্তর্বর্তী সরকার) টিকিয়ে রাখতে হাদি রাস্তায় পড়ে ছিল। সেই সরকারের আমলে দিনদুপুরে আমার ভাইকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার চেয়ে যখন সাধারণ মানুষ আন্দোলনে নামে, তখন তাদের ট্যাগ দেওয়া হয় নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে। এখন নির্বাচিত সরকার। হাদি হত্যার তদন্ত ১৩ বার পেছানো হয়েছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ হাদি হত্যার বিচার নিয়ে কথা বলছেন না।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন হাদির বোন মাসুমা হাদি। তিনি বলেন, যতদিন পর্যন্ত বিচার না পাব, ততদিন পর্যন্ত রাজপথে থাকব।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। পরে বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।