Image description

কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা ও এতিমখানায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রতিষ্ঠানটির দারোয়ান মহিউদ্দিন ওরফে মহদ্দিন (৪৫)। আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (৫ মে) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১৬ মার্চ সকালে নাস্তার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী শিশুকে নিজের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মহিউদ্দিন। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রথমে গোপন রাখা হয়। পরে পরিবারের কাছে ঘটনার বিবরণ প্রকাশ পেলে ২২ মার্চ কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয় এবং ওই দিনই আসামিকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত শেষে ছয় মাসের মধ্যে চার্জশিট দাখিল করা হয় এবং ২০২২ সালের ১২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন এবং তিনি বর্তমানে পলাতক।

রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, রায়ের অনুলিপি পাওয়ার পর আইন অনুযায়ী দারোয়ানকে স্থায়ীভাবে বরখাস্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ