Image description

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতউল্লা বুলু বলেছেন, ‘জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলেন শুদ্ধ-অশুদ্ধ-ভুল, এরা এটাই মানে। মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলামী করে না।

 

মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৌরণবিবি-মুনসির হাট খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বরকতউল্লা বুলু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বলেন, ‘তরুণ শরিফ ওসমান হাদিকে যারা মেরেছে, তার বিচার হওয়া উচিত, আমি তার বিচার দাবি করি। এ রকম একটা তরুণ-টগবগে জাতীয়তাবাদী নেতা, তাকে মেরে ফেলেছে। সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শূকরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন, তারাই হাদির হত্যাকারী হিসেবে বের হবে।

 

বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুরে খাল খনন করেছেন। মাঝখানে এরশাদ এসে খাল কাটা বন্ধ করে দিয়েছেন। বিগত এই ৩০-৩৫ বছর খাল কাটা ছিল না। এটি যদি অব্যাহত থাকত, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, কয়েক লাখ টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারত।

আমাদের মাছের ও কৃষিকাজের অভাব হতো না, যোগাযোগব্যবস্থাও সমুন্নত থাকত।

 

তিনি আরো বলেন, আজকে আবার আমাদের নেতা তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। সরকারের আড়াই মাসে আমরা যা করেছি, গত ১৭ বছরেও তা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।