Image description

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্য অবমাননার অভিযোগ উঠেছে। বিসিক শিল্প ও উদ্যোক্তা মেলার স্টল নির্মাণের সময় ভাস্কর্যের সঙ্গে দড়ি ও বাঁশ বেঁধে রাখা হয়। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, স্টল নির্মাণের কাজে ব্যবহৃত দড়ি ও বাঁশ ভাস্কর্যের গলাসহ বিভিন্ন অংশে বাঁধা।

 

বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য অবমাননার ছবিটি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানালে রোববার (৩ মে) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সঞ্জয় কুমার মহন্ত ভাস্কর্য থেকে দড়ি সরিয়ে ফেলেন।

 

এদিকে বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, স্বাধীনতার এত বছর পর জেলা শহরের প্রধান একটি উদ্যানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভাস্কর্যের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন তারা।

 

 

বাংলাদেশ পরিবার পরিকল্পনা কেন্দ্রীয় সমিতির সভাপতি হারুন-আর রশিদ মনে করছে, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভাস্কর্যের প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা জরুরি।

 

শিক্ষক আহসান হাবীব বলেন, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে অবমাননা করা ঠিক হয়নি। এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।

 

স্টলের মালিক শাওন বলেন, গত ২৪ তারিখে মেলাটি উদ্বোধন হলে তার আগের দিন ২৩ তারিখ আমাদের স্টলের কাজ হয়। স্টলের কাজ শেষে শ্রমিকরা চলে যান, বৃষ্টির কারণে স্টলের ওপরে ত্রিপল দেওয়া হয়, সেই স্টলের ত্রিপলের রশি কে বা কারা লাগিয়েছে সেটা আমাদের জানা নেই। এ ছাড়া যে সমস্ত শ্রমিকরা কাজ করেছেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তারা অস্বীকার করেছেন।

 

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিক শিল্পনগরীর সহকারী ব্যবস্থাপক কর্মকর্তা শাহনাজ বেগম।