তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল টিভিকে। প্রায় ছয় দশক ধরে রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করা দ্রাবিড় রাজনীতির দুই প্রধান শক্তির আধিপত্য ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে এগিয়ে রয়েছে ১০০টিরও বেশি আসনে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বিরুগামবাক্কম, যা চেন্নাই লোকসভা এলাকার অন্তর্ভুক্ত। এই কেন্দ্র থেকে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন—যিনি থালাপতি বিজয়ের ব্যক্তিগত ড্রাইভারের ছেলে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জয়ী হয়ে তিনি তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন নজির গড়ার পথে রয়েছেন এবং নিজের নাম যুক্ত করতে চলেছেন টিভিকে বিধায়কদের তালিকায়।
সাবারিনাথন এই আসনে ডিএমকের প্রভাকারা রাজা এবং এআইএডিএমকের বিরুগাই রভিকে পরাজিত করেছেন ২২ হাজারের বেশি ভোটে।
এদিকে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে একের পর এক পরাজয়ের মুখ দেখেছেন ডিএমকের শীর্ষ নেতারা। পরাজিতদের তালিকায় সবচেয়ে বড় নাম মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, যিনি কোলাথুর কেন্দ্র থেকে হেরে গেছেন টিভিকের ভিএস বাবুর কাছে।
তবে স্টালিনের ছেলে উধয়নিধি স্টালিন নিজের আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন। চেপক-থিরুভাল্লিকেনি কেন্দ্র থেকে তিনি টিভিকে প্রার্থী সেলভম ডিকে পরাজিত করেছেন ৭ হাজার ১৪০ ভোটে।
অন্যদিকে সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয় একাধিক আসনে দলের জয়ের মাধ্যমে তৈরি করেছেন রাজনৈতিকভাবে শক্ত অবস্থান।