রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে রাতের অন্ধকারে হেফাজতে ইসলামের সমাবেশে অংশ নেওয়া মুসল্লিদের ওপর হামলে পড়ে যৌথ বাহিনী। এতে ব্যাপক হতাহতের অভিযোগ ওঠে। সংগঠনটির তৎকালীন আমির শাহ আহমদ শফী দাবি করেন, শান্তিপূর্ণ সমাবেশে বাতি নিভিয়ে স্মরণকালের নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সাদাপোশাকের অস্ত্রধারীরা।
২০১৩ সালের ৫ মের বিভীষিকাময় সেই ঘটনা, হেফাজতের রাজনীতি, শাপলা চত্বরের শহীদদের তালিকা প্রকাশে দীর্ঘসূত্রতা এবং কওমি সনদের স্বীকৃতিসহ নানা বিষয়ে এশিয়া পোস্টের সঙ্গে কথা বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সাক্ষাৎকার নিয়েছেন রায়হান রাশেদ।
এশিয়া পোস্ট : হেফাজতে ইসলাম দাবি করে তারা অরাজনৈতিক সংগঠন। কিন্তু এর দায়িত্বশীল অনেকেই কোনো না-কোনো রাজনৈতিক দলের নেতা। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে সংগঠনের কর্মসূচি নেওয়া কি সম্ভব হয়?
আজিজুল হক : আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ দেশের শীর্ষস্থানীয় আলেমদের নেতৃত্বে একটি বৃহৎ লক্ষ্যকে সামনে রেখে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এটি অরাজনৈতিক ছিল, আছে, থাকবে। রাজনৈতিক নেতারা এখানে আলেম হিসেবে যুক্ত আছেন। একজন নাগরিক যেমন মন্ত্রিত্বের পাশাপাশি দলীয় দায়িত্ব পালন করেন, হেফাজতের নেতাদের ক্ষেত্রেও বিষয়টি তেমন।
ইসলামের মৌলিক বিষয়ে ইসলামবিদ্বেষী শক্তি চক্রান্ত করলে রাজনৈতিক-অরাজনৈতিক সব আলেমের দায়িত্ব এর প্রতিবাদ ও প্রতিরোধ করা। এই জায়গা থেকে হেফাজতের সঙ্গে যেসব রাজনৈতিক নেতা আছেন, তারা রাজনৈতিক পরিচয়ে হেফাজতে আসেন না, আলেম হিসেবে আসেন। রাজনৈতিক প্রভাবে হেফাজত কর্মসূচি বাস্তবায়ন করে না।
এশিয়া পোস্ট : আল্লামা শাহ আহমদ শফি ও জুনায়েদ বাবুনগরী আমির থাকাকালে হেফাজতের যে প্রভাব ছিল, এখন তা নেই কেন?
আজিজুল হক : তারা দুজনই বিখ্যাত আলেম। আল্লামা আহমদ শফি (রহ.) দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা শেষে চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা ও পরে মাদ্রাসা পরিচালনা করেছেন তিনি। তার লাখো ছাত্র ও অনুসারী আছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীও বিখ্যাত আলেম ও মুহাদ্দিস ছিলেন। তার বাবাও বড় আলেম ছিলেন। সারা দেশে বাবা-ছেলের লাখো ছাত্র ও অনুসারী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এ দুজনের নেতৃত্বে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হলে আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ পঙ্গপালের মতো হেফাজতের ব্যানারে ছুটে এসেছে। ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীও বিখ্যাত আলেম। দেশে হাদিস ও আধ্যাত্মিক চর্চায় তার পরিবারের অনেক অবদান রয়েছে। তবে আহমদ শফি ও জুনায়েদ বাবুনগরীর যে পরিচিতি, সেটা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেই। কিন্তু আলেম সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর তার নেতৃত্বে ৬৪ জেলায় হেফাজতকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছি।
আল্লামা আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর সময় হেফাজত যেমন শক্ত অবস্থানে ছিল, এখনও সেই অবস্থান রয়েছে। ২০২৫ সালের ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে এর প্রমাণ আমরা দিয়েছি।
এশিয়া পোস্ট : শাপলা চত্বরে হেফাজতের ৯৩ কর্মী শহীদ হয়েছেন বলে গত বছরের ৪ মে আপনারা তালিকা প্রকাশ করেছেন। এই তালিকা প্রকাশে ১২ বছর লাগল কেন?
আজিজুল হক : শাপলা চত্বরের ঘটনার পর আওয়ামী ফ্যাসিবাদী জালিম গোষ্ঠী আলেমদের ওপর যে পরিমাণ নির্যাতন করেছে, তা বর্ণনাতীত। পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়ে শহীদ পরিবারের ওপর অত্যাচার চালিয়েছে। শহীদদের অনেকের জানাজা পড়তে দেয়নি। এক মাদ্রাসা শিক্ষকের নিজ মাদ্রাসায়ও তার জানাজা পড়তে বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত এলাকাবাসী দা-বঁটি নিয়ে পুলিশকে ধাওয়া দিয়ে ধানক্ষেতে তার জানাজা পড়েন। মরদেহ বাড়ি যাওয়ার আগে র্যাব-পুলিশ বাড়ি ঘেরাও করে রাখে। জানাজা শেষে পরিবারের মাত্র চারজন সদস্য তাকে দাফনের সুযোগ পান।
শাপলা চত্বরের শহীদদের তালিকা করতে তদন্ত কমিটি গঠন করলে আমাদের লোকজনকে তুলে নিয়ে হুমকি-ধমকি দেওয়া হয়। শহীদদের তালিকা যেন না হয়, তাদের কথা যেন জাতি জানতে না পারে, তাদের যেন ইতিহাস থেকে মুছে দেওয়া যায়, সেই চেষ্টা চালিয়েছে তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদী সরকার। এমনকি একজনও শহীদ হয়নি বলে ঘোষণা দেয় তারা। আমাদের শতভাগ চেষ্টা থাকা সত্ত্বেও সরকারের চাপের কারণে তালিকা করতে পারিনি। ৫ আগস্টের পর প্রকাশ করেছি।
এশিয়া পোস্ট : হেফাজতের শহীদদের তালিকা করার কারণে মানবাধিকার সংগঠন অধিকারের তৎকালীন সম্পাদক আদিলুর রহমান খান (পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা) ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানকে কারাভোগ করতে হয়েছে। তারা তালিকা করতে পেরেছিলেন, কিন্তু এত নেতাকর্মী থাকার পরও আপনারা কেন পারেননি?
আজিজুল হক : অধিকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তালিকা করায় আদিল ভাই ও এলান ভাইকে সরকার গ্রেপ্তার করে সাজা দিয়েছে। একটা আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীলদের যদি এভাবে সাজা দিতে পারে, সেখানে হেফাজতের দায়িত্বশীলদের তো আন্তর্জাতিক লবিং নেই। আমরা নিরীহ আলেম সমাজ। ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলার শক্তি ও সাহস নেই আমাদের। শহীদদের পক্ষে কথা বলায় আমাদের বিরুদ্ধে ৩৫০টির মতো মামলা হয়েছে। এসব মামলায় হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে। সরকারের বহুমুখী চাপের কারণে তালিকা করতে পারেনি।
এশিয়া পোস্ট : শুধু কি ৯৩ জনই শহীদ হয়েছেন?
আজিজুল হক : ৯৩ জন নয়, আরও বেশি হবে। অনেক পরিবার এখনও ভয়ে শহীদদের কথা বলতে চান না। তাদের শঙ্কা, আওয়ামী লীগ আবারও ফিরতে পারলে ফের জুলুমের শিকার হতে হবে তাদের।
মিডিয়ায় এসেছে, ২০১৩ সালের ৫ মে জুরাইন কবরস্থানে অনেক বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। যাত্রাবাড়ীতে ময়লার স্তূপে মানুষের হাড় পাওয়া গেছে। বিভিন্ন মিডিয়া, মানবধিকার সংস্থা ও গোয়েন্দা সংস্থা বলেছে, এগুলো হেফাজতের সমাবেশে অংশগ্রহণকারীদের লাশ। বিশেষ করে আঞ্জুমানে মুফিদুল ইসলাম ওই মাসে প্রায় ৫০০ বেওয়ারিশ লাশ দাফন করেছে। এগুলো তো দাফন হয়ে গেছে। পরিবারও জানে না এগুলো কার লাশ। আমরা চেষ্টা করছি তালিকা আরও সমৃদ্ধ করতে।
এশিয়া পোস্ট : কত জন শহীদ হয়েছেন বলে মনে করেন?
আজিজুল হক : শহীদদের তালিকা দীর্ঘ হবে। এর সঠিক হিসাব নির্ণয় না করে বলা সম্ভব নয়।
এশিয়া পোস্ট : অভিযোগ আছে, শাপলা চত্বরে শহীদদের জন্য বিগত ১২ বছর বিচার চায়নি হেফাজতে ইসলাম। শহীদদের পরিবারের পাশেও দাঁড়ায়নি। এর কারণ কী?
আজিজুল হক : কেউ যদি বলে হেফাজত শহীদদের পাশে দাঁড়ায়নি, সেটা ভুল হবে। হেফাজত তার শক্তি ও সামর্থ্য অনুযায়ী ২০১৩ সালেই শহীদ পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। বিভিন্ন জেলায় টিম গিয়ে সহযোগিতা করেছে। প্রত্যেক পরিবার কম-বেশি হেফাজতের সহযোগিতা পেয়েছে। কোনো পরিবারকে একাধিকবার সহযোগিতা করা হয়েছে। কাউকে ঘর দেওয়া হয়েছে। কারও মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। একজন শহীদের নামে মাদ্রাসা করা হয়েছে। তাদের সহযোগিতা করেনি, এটা মিথ্যা প্রচারণা।
এশিয়া পোস্ট : ১২ বছর বিচার চেয়েছিলেন?
আজিজুল হক : আমরা শতবার সংবাদ সম্মেলন ও মিছিল করে বিচার চেয়েছি। আওয়ামী ফ্যাসিবাদী সরকার; যারা হত্যা করেছে, তারা কি বিচার করবে? জালিমরা তো করবে না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের পক্ষে আমি বাদী হয়ে অভিযোগ করেছি। এই মামলায় তৎকালীন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা, মন্ত্রী-এমপিরা জেলে আছেন। বিচার কার্যক্রম শুরু হয়েছে। সাক্ষী সংগ্রহ করা হয়েছে। আমাদের বিশ্বাস, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় জালিমদের বিচারের মুখোমুখি করতে পারব।
এশিয়া পোস্ট : যে আওয়ামী লীগ সরকার হেফাজত কর্মীদের শহীদ করল, সে সরকারের প্রধান শেখ হাসিনাকে আপনারা শোকরানা মাহফিল করে সম্মান দিলেন। অথচ তখনও হেফাজতের শহীদদের তালিকা করা যায়নি, বিচারও হয়নি। এটা কি হেফাজতের শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা নয়?
আজিজুল হক : এ বিষয়ে জাতির কাছে একটা ভুল বার্তা আছে। হেফাজত একটা আলাদা সংগঠন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদা প্রতিষ্ঠান। শিক্ষা বোর্ডের সঙ্গে সরকারের যোগাযোগ থাকাটা স্বাভাবিক। শাপলা চত্বরে যারা গণহত্যা চালিয়েছে, তাদের সঙ্গে হেফাজতের সম্পর্ক থাকতে পারে না। আল্লামা আহমদ শফি তখন হেফাজতের আমির, তখন আবার তিনি কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইয়াতুল উলয়ারও চেয়ারম্যান। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ইতিহাসকে মুছে দেওয়া ও আলেমদের নিয়ন্ত্রণের কুমতলবে সরকার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দাবি হেফাজতের ছিল না, এটা কওমি মাদ্রাসা বোর্ডের দাবি ছিল। সরকার স্বীকৃতি দিয়ে একটা রাজনৈতিক ডিগবাজি খেলেছে। এই স্বীকৃতি একটা কলাপাতা, কোনো মূল্য নেই। স্বীকৃতি দিয়ে ছাত্ররা কিছু করতে পারে না, এটা ধোঁকাবাজি।
শোকরানা মাহফিলের আয়োজক ছিল সরকার। সে মাহফিলে খুনি হাসিনার সামরিক সচিব মিয়া মো. জয়নাল আবেদিন দাঁড়িয়ে শাপলা চত্বরের গণহত্যাকে অস্বীকার করলেন। হেফাজতের পক্ষ থেকে তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী শোকরানা মাহফিলে অংশ নেননি। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমিও অংশ নিইনি। বর্তমান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ শীর্ষস্থানীয় অনেক আলেম সেখানে ছিলেন না। আমরা জোরালো প্রতিবাদ করে হাসিনার সামরিক সচিবের ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছিলাম। শোকরানা মাহফিলে হেফাজতের কোনো সংশ্লিষ্টতা নেই। আহমদ শফি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, হেফাজতের আমির হিসেবে নন।
এশিয়া পোস্ট : আপনি বললেন, সনদ দিয়ে ডিগবাজি খেলা হয়েছে এবং শহীদদের রক্তকে মুছে দিতে স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব জেনেও কেন স্বীকৃতি নিলেন?
আজিজুল হক : এটা একান্ত আমার মতামত। সরকারের এই কূটচাল বোঝা সহজ-সরল আলেমদের পক্ষে সম্ভব নয়। তারা স্বীকৃতির নামে আলেম সমাজকে দমিয়ে রাখার ষড়যন্ত্র করেছে।
এশিয়া পোস্ট : ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত শোকরানা মাহফিলে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করা হয়। সেখানে আহমদ শফি (রহ.) থেকে শুরু করে হেফাজতের প্রায় সব বড় নেতা ছিলেন। আপনারা কি তাকে ‘কওমি জননী’ হিসেবে স্বীকৃতি দেন?
আজিজুল হক : হেফাজতের নেতাদের ওপর যে আওয়ামী লীগ গণহত্যা চালাল, সে সরকারের প্রধান শেখ হাসিনাকে হেফাজতের পক্ষ থেকে কওমি জননী উপাধি দেওয়া অবাস্তব কথা। হেফাজত তাকে এমন উপাধি দেয়নি। গওহরডাঙ্গা বোর্ডের চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন, তার বাড়ি গোপালগঞ্জ। তিনি শেখ হাসিনার গৃহপালিত ব্যক্তি। তিনি তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন। হেফাজত বা হেফাজতের নেতারা দেননি। তার সঙ্গে হেফাজতের সম্পর্ক নেই, তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক। তিনি হাসিনাকে তুষ্ট করতে এ উপাধি দিয়েছেন।
এশিয়া পোস্ট : ওই মঞ্চে থাকা হেফাজত নেতারা বা বোর্ড পরে এর প্রতিবাদ করেনি। সংবাদ সম্মেলন করে কি হেফাজত বলেছিল বা কওমি মাদ্রাসার পক্ষে আপনারা বলেছিলেন কি যে আমরা তাকে কওমি জননী উপাধি দিইনি, এটা মাওলানা রুহুল আমিনের ব্যক্তিগত বিষয়?
আজিজুল হক : উপস্থিত ব্যক্তিরা কেন প্রতিবাদ করেননি, সেটি তাদের ব্যাপার। জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর পক্ষে আমি বিবৃতি দিয়ে সেটা প্রত্যাখ্যান করেছি। এ উপাধি হেফাজত দেয়নি, জাতিকে জানিয়েছি আমরা।
এশিয়া পোস্ট : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আজিজুল হক : আপনাদেরও ধন্যবাদ।