Image description

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোর আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

 

গ্রেপ্তার মোকবল হোসেন মুকুল গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

 

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেবিদ্বার থানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় উল্লাসরত জনতার ভিড়ে গুলি করা হলে নবম শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর তার মৃত্যু হয়।

 
 

 

এ ঘটনায় ওই বছরের ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে মুকুল চেয়ারম্যানও রয়েছেন।

 

গ্রেপ্তারের সময় মোকবল হোসেন মুকুল তার কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি কোনো অন্যায়-অপরাধ করিনি। আমাকে অন্যায়ভাবে এই হত্যা মামলায় জড়ানো হয়েছে। আমি এ বিষয়ে কিছুই জানি না।’

 

নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) দেবিদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে। সে মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচ নির্বাহ করত। বাবার মৃত্যুর পর মা, দুই ভাই ও এক বোনকে নিয়ে সে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে বসবাস করত।

 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলায় তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।