ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, রাজধানীতে অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ব্যবস্থা নেবে পুলিশ।
শনিবার (২ মে) কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তার ভাষায়, ‘শীর্ষ সন্ত্রাসী এখন তেমন নেই। যারা আছেন, তারা আগের সন্ত্রাসীদের সহযোগী। নতুন করে শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছেন। তাদের সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
রাজধানীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন নজরদারি বাড়ানোসহ নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রাজধানীজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।
নতুন পুলিশ ক্যাম্প সম্পর্কে তিনি বলেন, ক্যাম্পটা করা হয়েছে কারওয়ান বাজার এলাকার অপরাধ শূন্যে নামিয়ে আনার জন্য। এজন্য পুলিশ সদস্যরা সার্বক্ষণিক কাজ করবেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও গোপনে বা প্রকাশ্যে এসে অভিযোগ করলে থানায় মামলা হবে। প্রাথমিকভাবে এখানে অভিযোগ দেওয়া যাবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য ক্যাম্পের পরিধি বাড়ানো হয়েছে। ক্যাম্পে পুলিশের সদস্যও বাড়ানো হয়েছে।
মো. সরওয়ার বলেন, চাঁদাবাজ যে ধরনেরই হোক না কেন, আমরা ব্যবস্থা নেব। চাঁদাবাজি ও মাদক বন্ধে এই ক্যাম্পে সার্বক্ষণিক ২০ জনের বেশি পুলিশের সদস্য দায়িত্ব পালন করবেন। তাঁরা ব্যবস্থা নেবেন। প্রায়ই অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীর কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ।