Image description

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১ মে) ভোরে এই অগ্নিকাণ্ডে অধিদপ্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালেই ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরিদর্শনকালে তিনি ক্ষয়ক্ষতির ভয়াবহতা পর্যবেক্ষণ করেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে ৩ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন। 

মন্ত্রী এ অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্যও তিনি পুলিশ প্রশাসনকে তাগিদ দেন।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এটি কোনো পরিকল্পিত নাশকতামূলক ঘটনা কি না, তা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।