Image description

প্রধানমন্ত্রীর আসন বা রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ পদের দায়িত্ব পালনকে ‘আগুনের তপ্ত হিট’ বা আগুনের আঁচের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, এই চেয়ারে বসে সবসময় জনপ্রিয় (পপুলার) কথা বলা সম্ভব নয়; বরং দেশের স্বার্থে অনেক সময় কঠিন কিন্তু সঠিক (রাইট) সিদ্ধান্ত নিতে হয়।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা এবং প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

তারেক রহমান বলেন, স্পিকার, আপনি সামনে যে চেয়ারটি দেখছেন যাতে আমি বসে আছি, এটি আসলে খুব কঠিন একটি চেয়ার। দেখলে মনে হয় খুব আরামের, কিন্তু এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে।

এই চেয়ার আমাকে সবসময় স্মরণ করিয়ে দেয়- তোমাকে পপুলার ডিসিশন নয়, রাইট ডিসিশন নিতে হবে।

 

তিনি আরও বলেন, সংসদে দাঁড়িয়ে আমি অনেক পপুলার কথা বলতে পারতাম যাতে অনেক বেশি তালি হতো।

কিন্তু আমাদের এখন পপুলার ডিসিশনের চেয়ে সঠিক সিদ্ধান্তের দিকে এগোতে হবে। আমাদের আলোচনার বিষয়বস্তু হতে হবে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন।