Image description

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্ভাগ্য আমাদের, ৫ আগস্টের পরে তারা (জামায়াত) বলছেন আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি, তারা হঠাৎ করে বদলে গেছে।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘হঠাৎ করে মনে হলো, তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইঙ্গিত পেয়ে গেছেন এবং সব কিছু প্রস্তুত হয়ে গেছে।

তখন তারা যেসব উক্তি এবং যেসব কথা বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি।’

 

তিনি বলেন, ‘আজকে যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টি হওয়ার একটা কারণ ছিল, আপনারা নির্বাচনকে অস্বীকার করছেন। নির্বাচনকে বলছেন যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না।

মেনে নেয়নি এই দেশের মানুষ।’

 

ফখরুল আরো বলেন, ‘জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি, এটা এই দেশের সব মানুষই ধারণ করে। যখন এই কথাগুলো এই বিষয়গুলো নিয়ে কোনো কটাক্ষ করা হয়, তখন তো অবশ্যই আমরাও কষ্ট পাই। এই লাখো মানুষ যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারাও কিন্তু মানুষ একইভাবে কষ্ট পায়।

 

তিনি উল্লেখ করেন, ‘আমাদের সংস্কারবিরোধী বলে চিহ্নিত করবার চেষ্টা করেন, পোস্টার নিয়ে এসেছেন। পার্লামেন্টে বলেছেন আমরা সংস্কার চাই না। সংস্কারের জনক তো আমরাই।’