সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে মরকিটিলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযানের খবরে চোরাকারবারিরা ভারত থেকে আনা জিরা ও নাসির বিড়ির চালান ফেলে পালিয়ে যান। এই সময় ঘটনাস্থল থেকে ৩০ বস্তা ভারতীয় জিরা ও ১০ বস্তা নাসির বিড়ি জব্দ করা হয়। তবে রাত ৩টার দিকে ৩০-৪০ জনের একটি দল অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করে। এতে ল্যান্স নায়েক মো. শাহাদাত হোসেন ও ল্যান্স নায়েক রিমন হোসেন আহত হন।
পরিস্থিতি খারাপ দেখে বিজিবি সদস্যরা কিছুটা পিছু হটলে হামলাকারীরা জব্দ করা মালামালের একটি বড় অংশ ছিনিয়ে নেয়। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচ বস্তা জিরা ও এক বস্তা নাসির বিড়ি উদ্ধার করা সম্ভব হয়।
এই ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের বিছনাকান্দি বিওপির নায়েব সুবেদার ইনয়ামুল হক বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন।
গোয়াইনঘাট থানার (তদন্ত) কর্মকর্তা কবীর হোসেন বলেন, হামলার ঘটনায় মামলা করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।