Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মতোই শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) এসেছে বড় ধরনের পরিবর্তন। বোর্ডে সংস্কারের লক্ষ্যে বর্তমান কর্মকর্তাদের সরিয়ে ৯ সদস্যের একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে দেশটির সরকার। এই কমিটির সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তার সঙ্গে থাকছেন আরেক তারকা রোশান মাহানামা ও সিদাথ ওয়েত্তিমুনি।

দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মাঠে দলের টানা ব্যর্থতার অভিযোগে গত বুধবার এসএলসির পূর্ববর্তী কর্মকর্তাদের অপসারণ করে লঙ্কান সরকার। এরপরই এ উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হলো। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্ব এরান বিক্রম রত্নকে। দেশের প্রধান বিরোধী দল থেকে রাজনীতি করলেও এই দায়িত্ব নেওয়ার স্বার্থে তিনি রাজনৈতিক পদ থেকে ইস্তফা দিয়েছেন।

 

বিক্রম রত্ন জানিয়েছেন, স্বচ্ছতা এবং পেশাদারিত্ব ফিরিয়ে আনাই হবে তাদের মূল লক্ষ্য। কমিটির পক্ষ থেকে দুটি প্রধান লক্ষ্যের কথা জানানো হয়েছে। প্রথমত, সংবিধান সংস্কার। শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান সংবিধানটি অত্যন্ত পুরনো এবং ত্রুটিপূর্ণ বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। নতুন এই কমিটি এসএলসির জন্য একটি আধুনিক ও শক্তিশালী গঠনতন্ত্র তৈরি করবে, যাতে দুর্নীতির পথ বন্ধ হয়।

দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, মাঠের খেলায় আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া। এই লক্ষ্যে জাতীয় দলের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা, সঠিক অবকাঠামো এবং ইনসেনটিভ মডেল তৈরি করা হবে, যাতে লঙ্কান ক্রিকেট আবার বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরতে পারে।

অতীতে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। ২০২৩ সালেও একই কারণে তারা সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। তবে এবার রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে বিরোধী দলের নেতাকে চেয়ারম্যান করা হয়েছে। কমিটির প্রধান এরান বিক্রম রত্ন জানিয়েছেন, তারা আইসিসির সব নিয়ম মেনেই কাজ করবেন।

গত ফেব্রুয়ারি-মার্চে নিজ দেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ভরাডুবির পর থেকেই বোর্ড সভাপতি শাম্মি সিলভার ওপর ব্যাপক জনরোষ তৈরি হয়েছিল। ২০১৪ সালের পর থেকে কোনো বড় আইসিসি টুর্নামেন্টে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হওয়া এবং তিন মেয়াদে সিলভার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়াকে এসএলসির ‘সিস্টেমিক ফেইলিওর’ বা পদ্ধতিগত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

পরিবর্তন কমিটির ৯ সদস্য হলেন এরান বিক্রম রত্ন (রাজনীতি ও করপোরেট), কুমার সাঙ্গাকারা (ক্রিকেট ও ব্যবসা), রোশান মহানামা (ক্রিকেট ও করপোরেট), সিদাথ ওয়েত্তিমুনি (ক্রিকেট ও করপোরেট), প্রকাশ শাফটার (করপোরেট ও ক্রিকেট), অবন্তি কলম্বাজ (করপোরেট), থুশিরা রাদেল্লা (করপোরেট), উপুল কুমারাপ্পেরুমা (আইন ও রাজনীতি) এবং দিনাল ফিলিপস (আইন)।