ট্রেনের সিগনালে বন্ধ রেলগেটের পকেট গেট দিয়ে যেতে রেললাইনে উঠার সঙ্গে সঙ্গে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন আরোহী।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টঙ্গী রেললাইনের টঙ্গীর নতুন বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
অলৌকিকভাবে বেঁচে যাওয়া মোটরসাইকেল আরোহী অপু মিয়া (৩৯) গাজীপুরের পূবাইল এলাকার পদ হারবাইদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী নতুন বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৩০-২৮৮৮) ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এসময় মোটরসাইকেল আরোহী অপু মিয়া (৪৯) ছিটকে পড়ে ও লাফ দিয়ে অলৌকিকভাবে বেঁচে যায়, তবে তিনি জখম হন।
সূত্র জানায়, ট্রেন আসার সিগনাল হলে নিয়মমাফিক রেলক্রসিং বন্ধ হয়ে যায়। তবে পকেট গেট দিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল রেললাইনে উঠামাত্র ট্রেন এসে পড়লে ধাক্কা লাগে। অতঃপর আহতকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. নুর আলম মিয়া (পিপিএম) কালের কণ্ঠকে বলেন, ট্রেনের সিগনাল পড়ায় রেলগেট বন্ধ ছিল।