মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, ‘‘৫ আগস্টের পরে কী হলো আপনারা জানেন। ইউনূস সরকার ছিল। আমি শিল্পকলার সামনে থাকি। সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালনগীতি হতে পারেনি। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।’’
বক্তব্য দেখুন এখানে।
দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, সংসদ সদস্য ফজলুর রহমান সত্য বলেননি।
দ্য ডিসেন্ট দেখতে পেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনে হামলা হলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমীসহ সারা দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অন্যান্য দিবসে বিভিন্ন অনুষ্ঠান, বাউলদের নিয়ে সাধুসঙ্গ, গান, নাটক ও লালনসংগীত অনুষ্ঠিত হয়েছে।

সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শিল্পকলায় একটি নাটকও হতে পারেনি দাবি করলেও দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, গত সরকারের সময়ে শিল্পকলা একাডেমিতে অসংখ্য নাটক মঞ্চস্থ হয়েছে।
দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ডিসেম্বর ২৪ থেকে ফেব্রুয়ারি ২৬ পর্যন্ত শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত নাটকের তালিকা দেখুন এখানে।
ফজলুর রহমান শিল্পকলায় গান হয়নি দাবি করলেও সেখানে একাধিক গান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখা যায়।
দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ডিসেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানের বিবরণী দেখুন এখানে।
এছাড়াও, লালনের তিরোধান দিবসকে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে সব জেলায় উদযাপন করা হয়েছে।
যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সারা দেশে কিছু স্থানে সাংস্কৃতিক আয়োজনে হুমকি ও বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। যেমন, নারায়ণগঞ্জে ২০২৪ সালের ২২ নভেম্বর হেফাজতে ইসলামের হুমকির মুখে লালনভক্তদের ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’ বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
একইভাবে নারায়ণগঞ্জেই মাজারে হামলা ও আগুন দেওয়া হয়েছে। ফরিদপুরে লালন আনন্দধামে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সিলেটে হযরত শাহপরানের মাজারে ওরশে হামলা, শাহজালাল মাজারে হামলার হুমকিসহ আরও কয়েকটি মাজারে হামলা এবং লালন মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশের অন্তত ২২ জেলা ও উপজেলায় শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এছাড়াও, শিল্পকলা একাডেমিতে দেশ নাটক প্রযোজিত নাটক নিত্যপুরাণ মঞ্চায়নের সময় কিছু ব্যক্তি “স্বৈরাচার সরকার আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণে নাটক মঞ্চস্থ” করার অভিযোগ তুলে বিক্ষোভ করলে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলা বাংলাদেশে নতুন নয়। বিভিন্ন সরকারের সময়ে বাংলাদেশে বাউলদের ওপর, মাজারে ও পীরদের ওপর হামলার শিকার হতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া-সহ দেশের বিভিন্ন স্থানে বাউলদের ওপর হামলা হয়েছে। এ বছর বিএনপি সরকার গঠন করার পরও থামেনি হামলা। ১১ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে পুরোনো একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
এর আগে ২৩ মার্চ সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড করার ঘটনা ঘটে। স্থানীয় একদল ব্যক্তি হামলা চালিয়ে ভবিষ্যতে গানের আসর বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।
ফজলুর রহমানের সংসদের বক্তব্যের প্রেক্ষিতে চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি দ্য ডিসেন্টকে জানান, “২০২৫ সালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হয়। ঢাকায় প্রায় ৮০ হাজার লোকের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়ের গান পরিবেশন করা হয়। পাশাপাশি বিজয়ের মাসজুড়ে যাত্রা উৎসব হয়। উৎসবের শেষ দিন জেনারেল ওসমানীর ওপর নির্মিত সম্পূর্ণ নতুন একটি যাত্রাপালা প্রদর্শিত হয়।”
তিনি আরও জানান, “আমি জয়েন করার পর থেকে শিল্পকলা একাডেমীর আয়োজনে অনেকগুলো সাধু সঙ্গ হয়েছে বাউলদের নিয়ে। লালনের তিরোধান দিবসকে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসাবে ঘোষণা করে সব জেলায় উদযাপন করা হয়েছে। কুষ্টিয়ায় কেন্দ্রীয় আয়োজনে প্রায় পনেরো লাখ মানুষের সমাগম হয়েছে। লালন দিবসে ঢাকায় দেড় লাখ মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট হয়েছে।”
অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “সব ধর্মের উৎসবকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়—এটাও বাংলাদেশে প্রথম। জুলাই স্মরণে সারা দেশে গান, সিনেমা ও ড্রোন শোর সমন্বয়ে প্রায় ২১ দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন করা হয়। এই আয়োজনে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, নারী, শ্রমিক—সবাইকে কেন্দ্র করে জমজমাট আলাদা আলাদা অনুষ্ঠান ছিল।”
এ ব্যাপারে জানতে চাইলে ফজলুর রহমান দ্য ডিসেন্টকে জানান, “তারা কিছু কিছু জায়গায় সিলেক্টিভ আয়োজন হতে দিয়েছে। আপনি কি দেখেছেন তারা কিভাবে বিজয় দিবসে শিল্পকলার গেটে মব করেছে? তারা আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশীদ—তাদের নাটক করতে দেয়নি। মামুনুর রশীদদের দেশ থেকে বের করে দিয়েছে। কোথাও গান করতে দেওয়া হয়নি। আমি এখন সংসদে আছি, আপনি আমার কাছে আসেন। আপনাকে বলব।”
তবে দ্য ডিসেন্ট বিজয় দিবসে শিল্পকলা একাডেমির সামনে মব হওয়ার সত্যতা পায়নি।
এছাড়াও, নাট্যজন মামুনুর রশীদকে দেশ থেকে বের করে দেওয়ার অভিযোগেও রয়েছে বিভ্রান্তি গত বছরের ৩০ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে একটি হাসপাতালে ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেন। প্রতিবেদনে বলা হয়, তাঁর ফুসফুসের দুই পাশেই নিউমোনিয়া আক্রান্ত ছিল। সম্প্রতি তিনি দেশে ফিরে এসেছেন।