Image description

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মামলায় ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটির আদালত এ আদেশ দেন।

 

এর আগে আসামি আমিনুরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শাহ আলম। শুনানি শেষে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন আদালত।

 

মামলার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) রাতে আমিনুর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। তার এই অবমাননা ও আপত্তিকর মন্তব্যে এলাকায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ দেখা দেয়। এতে এলাকায় যেকোনো সময় দাঙ্গাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দাঙ্গা বাঁধার সম্ভাবনা দেখা দেয়।

এ ঘটনায় মঙ্গলবার আমিনুর শাহর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে নবাবগঞ্জ থানায় মামলা করেন আলাউদ্দিন নামে এক ব্যক্তি। এরপর নবাবগঞ্জের মহিষদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।