জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক লিফলেটে জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদ সংক্রান্ত সুপারিশের কোনো উল্লেখ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তার মতে, গণভোটে জামায়াতে ইসলামীর অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’।
বুধবার (২৯ এপ্রিল) সংসদে আইনমন্ত্রী বলেন, ‘বিরোধী দল কেন সংস্কার চায়, সেখানে (লিফলেট) কয়েকটি পয়েন্ট দিয়েছে। এই পয়েন্টের মধ্যে কোথাও জুলাই সনদের কথা বলা নেই।
তিনি বলেন, গণভোটে চারটি প্রশ্ন ছিল। এর সাড়ে তিনটি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সেই আধা প্রশ্নটা হলো ‘আধা প্রেম, আধা প্রতারণা’।
মন্ত্রী বলেন, এই সংসদ আগামী দিনে একটি বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে অর্জিত।
তিনি বলেন, এটা (লিফলেট) পড়তে গিয়ে মনে হলো, ৩৩ এ পাসের একটা থিওরি আছে। এটা পড়তে যেয়ে মনে হলো, আমি কি ৩৩ এ পাসের স্টেজে আছি। ৩৩ এ পাস আসলো ১৮৫৪ সালে, এই উপমহাদেশে যখন ম্যাট্রিকুলেশনের পরীক্ষা শুরু হবে সেই সময়। তখন ব্রিটেনে পাসের মার্কস ছিল ৬৫ নম্বর। ব্রিটিশরা মনে করতেন, এই উপমহাদেশের মানুষ ব্রিটিশদের থেকে অর্ধেক বুদ্ধি ধারণ করেন। তাই উনারা সাড়ে ৩২ নাম্বারে পাসের মার্কস করলেন। ওখানে ছিল ৬৫, এখানে হল সাড়ে ৩২। চার বছর পরে ১৯৬২ সালে এটা ৩৩ করা হলো। আমার মনে হচ্ছে উনারা এমনভাবে লিখেছেন, আমি কি সেই ৩৩ এ পাসের মতন উনাদের থেকে এখনো অর্ধশিক্ষিত আছি? যেখানে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই সনদের কোনো শব্দ নেই।