এসএসসি পরীক্ষার ওএমআর শিট ও উত্তরপত্র শিক্ষা বোর্ডে পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন থেকে সব কেন্দ্রকে বাধ্যতামূলকভাবে ‘কমলা রঙের কাপড়’ ব্যবহার করে প্যাকেটজাত করে উত্তরপত্র পাঠাতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২৬ এর উত্তরপত্র ও ওএমআর শিট ডাকযোগে পাঠানোর জন্য নির্ধারিত কমলা রঙের কাপড় ব্যবহারের নিয়ম রয়েছে। তবে কিছু কেন্দ্র এই নির্দেশনা না মেনে সাদা কাপড়ে মোড়ানো প্যাকেট ব্যবহার করছে, যা প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি করছে।
এই পরিস্থিতিতে বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে প্রতিটি কেন্দ্রকে নিয়ম মেনে শুধুমাত্র কমলা রঙের কাপড় ব্যবহার করতে হবে। বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত চারটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এ বছর সারাদেশে ১৮ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত।
শীর্ষনিউজ