Image description

তীব্র তাপদাহে স্কুলেই জ্ঞান হারিয়েছে ১৮ শিক্ষার্থী। পরে তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বান্দরবানের লামায়।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, জুনাইদুল ইসলামসহ ছয়জন, সপ্তম শ্রেণির শামীমা আক্তার, ইয়াসিন আরাফাতসহ সাতজন, অষ্টম শ্রেণির শাহিদা বেগম, তাসনিমা আক্তার, দশম শ্রেণির সং লেং ম্রো, ফাতেমা আক্তার ও শিফা আকতার।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে তাপমাত্রা বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যালয়ে গরমে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা পানিশূন্যতায় ভুগে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আজ সরই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৮ জন শিক্ষার্থী আক্রান্ত হয়। পরে শিক্ষকসহ অন্যদের সহায়তায় তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া বলেন, ‘দুপুর ১২টার দিকে ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী গরমের কারণে হঠাৎ জ্ঞান হারায়। পরে আরও কয়েকজন শিক্ষার্থীসহ মোট ১৮ জন জ্ঞান হারায়। পরে তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়ার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’

বান্দরবান জেলা শিক্ষা অফিসার মো. জসীম উদ্দিন বলেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেবেন বলেও জানান তিনি।