নিরপেক্ষ সাংবাদিকতা করায় ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রতিপক্ষ মনে করত, বর্তমান সরকারও প্রতিপক্ষ মনে করছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শনিবার রাজধানীর হোটেল প্যানপেসিফিক সোনারগাঁওয়ে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত নির্যাতন প্রতিরোধ এবং UNCUT ও OPCAT-এর বাস্তবায়ন নিয়ে ন্যাশনাল কনসালটেশনের ‘নির্যাতন প্রতিরোধের জন্য রাষ্ট্রের দায়িত্ব ও অঙ্গীকার’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।
নিজের দীর্ঘ কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মাহমুদুর রহমান বলেন, আমার একমাত্র অপরাধ ছিল নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে আমার দেশ পরিচালনা করা এবং সেখানে লেখালেখি করা। সেজন্য আমাকে নির্যাতন নিপীড়ন করা হয়। দীর্ঘদিন কারাগারে থাকতে হয়।
তিনি উল্লেখ করেন যে, নিরপেক্ষ সাংবাদিকতা করে সত্য বলার কারণে তৎকালীন সরকার আমার দেশকে সরকার বিরোধী মনে করত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, বর্তমানে সে সময় বিরোধী দল থাকা দলই (বিএনপি) ক্ষমতায় আছে, যা একটি ভালো দিক। কিন্তু বাস্তবতা হলো এখন এই সরকারি দলও আমার দেশকে বর্তমান সরকারের বিরোধী এবং নতুন বিরোধীদের (জামায়াতে ইসলামী) পক্ষের মনে করে।
মাহমুদুর রহমান আরো বলেন, বাংলাদেশে সৎ এবং নিরপেক্ষ সাংবাদিকতা করার জন্য এমন মূল্যই দিতে হয়। বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস উল্লেখ করে তিনি বলেন, এই সরকার সম্পর্কে কোনো চূড়ান্ত রায় দিতে আরও চার বছর ১০ মাস অপেক্ষা করতে হবে। তাই আপাদত চূড়ান্ত মতামত দেওয়া যাবে না।
বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একসময় নির্যাতনের শিকার হয়েছিলেন উল্লেখ করে আমার দেশ সম্পাদক এই সরকারকে একটি ‘অনন্য প্রেক্ষাপট সম্পন্ন সরকার’ হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সরকার গত ১৫ বছরের অভিজ্ঞতার চেয়ে ভিন্ন ও ইতিবাচক আচরণ করবে।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ টেনে নির্যাতন বন্ধে চারটি পরামর্শ দিয়েছেন মাহমুদুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা, বিচার বিভাগের নজরদারি ও স্বাধীনতা, জিজ্ঞাসাবাদ কৌশলে আধুনিক প্রশিক্ষণ এবং নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন - এই চারটি বিষয় বাস্তবায়নই নির্যাতনের এই অশুভ চর্চা দূর করতে পারবে।