জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মেহেরুন নেসার বাবা মোশারফ হোসাইন বলেছেন, “নতুন বাংলাদেশকে অবশ্যই নতুনভাবে পরিচালনা করতে হবে, কোনো স্বৈরাচারী ধাঁচে নয়।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শহীদদের দাবি অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামতে পারে।”
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হয়।
মোশারফ হোসাইন বলেন, “আন্দোলনে যারা সন্তান হারিয়েছে, তাদের ক্ষতি শুধু তারাই বোঝে।”
তিনি দাবি করেন, শহীদ পরিবারের ত্যাগকে অবহেলা করা উচিত নয় এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।”
তা না হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে বলে সতর্ক করেন তিনি।
সমাবেশে শহীদ ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেনও বক্তব্য দেন। তিনি বলেন, “সন্তান হারিয়েও তারা ভয় পান না এবং দাবি আদায়ে রাজপথে নামতে প্রস্তুত আছেন।”
আন্দোলনে আহত তুহিন ফরাজি অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে এবং ঘোষিত গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে ধীরগতি দেখা যাচ্ছে।
বক্তারা সরকারের প্রতি দ্রুত গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, জনগণের রায় ও আন্দোলনের দাবিকে উপেক্ষা করলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
শীর্ষনিউজ