নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের রেবতি মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বেলা সাড়ে ১১টার দিকে এসএসসি পরীক্ষার্থী ও বাইরে অপেক্ষারত অভিভাবকদের খোঁজখবর নিতে কেন্দ্রটি পরিদর্শনে আসেন। তার আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন তোরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন করেন। এতে কেন্দ্রের সামনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি তৈরি হয়।
সংসদ সদস্য কেন্দ্র পরিদর্শন শেষে চলে যাওয়ার পরই উত্তেজনার সূত্রপাত ঘটে। ব্যানার-ফেস্টুনে কার নাম ও ছবি থাকবে- এ বিষয়কে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কেন্দ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইমাম হোসেন বাদল অভিযোগ করে বলেন, ব্যানারে নাম ও ছবি না দেওয়াকে কেন্দ্র করে সংসদ সদস্য চলে যাওয়ার পর সিরাজুল ইসলামের সমর্থকরা আমাদের কর্মীদের এলাকা ছাড়া করার হুমকি দেয়। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত করা হয়।
অন্যদিকে সিরাজুল ইসলাম বলেন, সংসদ সদস্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসেননি, বরং পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন। কিন্তু বর্তমানে কোনো দলীয় পদ না থাকার পরও ইমাম হোসেন বাদল তার ছবি ব্যবহার করে বড় বড় ব্যানার লাগিয়ে অযথা ভিড় তৈরি করেন। এ নিয়ে প্রতিবাদ করায় উত্তেজনা সৃষ্টি হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, সংসদ সদস্য চলে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।