সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে সম্প্রতি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ছবিতে দেখা যায়, একজন যুবক কোলে করে এক শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন ফুটওভার ব্রিজের ওপর দিয়ে। অনেকেই এটিকে “মৃত সন্তান নিয়ে পিতার ছুটে চলা” হিসেবে ব্যাখ্যা করলেও এর পেছনের আসল ঘটনা উঠে এসেছে অনুসন্ধানে।
বিবিসি বাংলার প্রতিবেদনে জানা গেছে, ছবির শিশুটির নাম মো. সাদমান। সে ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা মো. সজীব ও আফরিন মীম দম্পতির একমাত্র সন্তান।
ছবিতে যাকে শিশুটিকে কোলে নিয়ে ছুটতে দেখা যায়, তিনি আসলে পিতা নন। তার নাম রেদোয়ান আহমেদ রাফি। তিনি সাদমানের মায়ের আত্মীয় এবং পরিস্থিতির কারণে দ্রুত শিশুটিকে হাসপাতালে বাইরে নেয়ার চেষ্টা করছিলেন।
জানা গেছে, হামে আক্রান্ত হয়ে সাদমান প্রায় ১০ দিন চিকিৎসাধীন ছিল। শুরুতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
সাদমানের বাবা জানান, ছেলের মৃত্যুর মুহূর্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং পরিস্থিতি বুঝে উঠতে সময় লেগেছিল। পরে লাশ দ্রুত বাড়ি নেয়ার জন্যই স্বজনরা সিএনজির ব্যবস্থা করেন।
ভাইরাল ছবির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও ভুল তথ্য ছড়ালেও পরিবার জানিয়েছে, সেখানে অ্যাম্বুলেন্স সংকটের বিষয়টি ছিল না, বরং দ্রুত বাড়ি ফেরার তাগিদ থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়।
চিকিৎসকদের মতে, দেশে সাম্প্রতিক সময়ে হামসহ শিশুর শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন হাসপাতালে বিশেষ চিকিৎসা ইউনিট চালু করা হয়েছে।
সাদমানের মৃত্যুর পর তার পরিবার যখন আজিমপুর কবরস্থানে শেষ বিদায় জানায়, তখন সেই ছবি ও ঘটনা সামাজিক মাধ্যমে হয়ে ওঠে এক হৃদয়বিদারক স্মৃতি ও আলোচনার কেন্দ্রবিন্দু।
শীর্ষনিউজ