জামালপুরের বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া একটি মর্টারশেলসদৃশ বস্তু না চিনেই বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার কামালপুর উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, এদিন বিকেলে কামালপুর উত্তর গ্রামের বাসিন্দা কুলছুমা বেগম (৫০) প্রতিবেশীর পুকুরপাড়ে ছাগল চড়াতে গিয়ে লোহার মতো একটি ভারী বস্তু পড়ে থাকতে দেখেন। সেটিকে সাধারণ লোহার টুকরো মনে করে তিনি বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পর তার ছেলে রিয়াজুল ইসলাম বস্তুটি দেখে সন্দেহ প্রকাশ করেন এবং এটিকে মর্টারশেল হতে পারে বলে ধারণা করেন। সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বস্তুটি বাড়ি থেকে সরিয়ে নিয়ে গ্রামের একটি খোলা জায়গায় রেখে স্থানীয়দের দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।
খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং ঘটনাস্থলের চারপাশ ঘিরে ফেলে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা এটি পুরনো মর্টারশেল। এটি সক্রিয় কি না, এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা বিশেষজ্ঞ টিমকে খবর দিয়েছি। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কামালপুর সীমান্ত এলাকা মুক্তিযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র ছিল। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি সেই সময়কার অবিস্ফোরিত মর্টারশেল হতে পারে।