আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে কোটি টাকা ঘুষ চাওয়ার বিষয়ে প্রমাণ মিলেছে।
অভিযোগের সপক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও অডিও রেকর্ড হাতে পেয়েছে এ লক্ষ্যে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। মঙ্গলবার (২১ এপ্রিল) তদন্ত কমিটির প্রধান অ্যাডভোকেট আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান বলেন, ঘুষ চাওয়া নিয়ে এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের সঙ্গে সাইমুম রেজার ফোনালাপ হয়েছে। তবে আলাদা করে বাইরে তার সঙ্গে ঘুষ লেনলেন হয়েছে কি না তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা প্রতিবেদন জমা হওয়ার পর সিদ্ধান্ত হবে বলে জানান কমিটির প্রধান আমিনুল ইসলাম।
সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছ থেকে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার মামলা থেকে ফজলে করিমকে নিষ্কৃতি দেওয়ার বিনিময়ে কোটি টাকা দাবি করেছেন। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।
জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ অভিযোগ ওঠার পর ওই প্রসিকিউটর ১০ মার্চ পদত্যাগ করেন। এদিনই তাকে অব্যাহতি দেয় আইন মন্ত্রণালয়। ২০২৪ সালের ৭ অক্টোবর তাকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছিল।