Image description

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও নিজেদের অপকর্ম ঢাকতে বিএনপির নির্দেশে ছাত্রদল ক্যাম্পাসে অস্তিরতা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় এই সংবাদ সম্মেলন করা হয়।

 

সংবাদ সম্মেলনে শিবিরের সভাপতি বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, বিশেষ করে জ্বালানি তেলের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতির মতো ঘটনা এবং বিএনপির লুটপাট-অপকর্ম ঢাকতে তাদের নির্দেশে ছাত্রদল ক্যাম্পাসে অস্তিরতা ছড়াচ্ছে।

 

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই ক্যাম্পাসগুলোতে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য বিএনপির পদধারী লোকদের বিশ্ববিদ্যালয়ের উপচার্য করা হচ্ছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে।

 

বিএনপির নির্দেশে ছাত্রদল ক্যাম্পাস দখল নেওয়ার জন্য অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে সাদ্দাম বলেন, ঢাকার তেজগাঁও কলেজ, পলিটেকনিক কলেজ, কুড়িগ্রাম পলিটেকনিক কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটছে। গণরুম-গেস্টরুম করার চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না।

 

 

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সংঘর্ষের ঘটনার বিষয়ে শিবির সভাপতি বলেন, কয়েকদিন ধরে ক্যাম্পাসে টানানো শিবিরের ব্যানার-ফেস্টুন ছিড়ে ছেলছে ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাইকে নিয়ে, শহীদ ওসমান হাদিকে নিয়ে আকা গ্রাফিতি মুছে ফেলে আপত্তিকর শব্দ লেখা হয়েছে।

 

তিনি বলেন, আজ প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। অভিযোগ জানিয়ে আসার সময় সেখানে ছাত্রদলের লোকজনের সঙ্গে তর্ক হয়। এ সময় শিক্ষকরা এসে শিবিরের নেতাকর্মীদের সরিয়ে দেন। এ সময়ও ছাত্রদল হামলা করে, ঠেকাতে যাওয়া শিক্ষকদেরও আহত করা হয়েছে।

 

বিকেলে এ ঘটনার নিন্দা জানিয়ে মিছিল করা হয়, সেখানে ভাড়া করা সন্ত্রাসী নিয়ে হামলা করা হয়। এ হামলায় বেশ কয়েকজন শিবির কর্মী আহত হয়েছেন। আমরা আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেবেন।