Image description

নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

মনোনয়ন জমা দিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।

 

সালেহ উদ্দিন সিফাত জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দিয়েছি, আমরা একটি রিসিভ কপি নিয়েছি। সেখানে ‘১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো’ উল্লেখ করা হয়েছে।

 

মনোনয়ন জমা দেওয়ার সময় নুসরাত তাবাসসুম উপস্থিত থাকলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

 

সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান বলেন, মনোনয়নপত্রটি তারা ডেসপাস শাখায় জমা দিয়ে থাকতে পারেন। যদি সময়ের পরে জমা দিয়ে থাকেন, তবে তা আমলে নেওয়ার সুযোগ নেই।

 

এর আগে সংসদের বিরোধী দলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এনসিপির দুজন ছাড়াও এ জোটের মধ্যে জামায়াতে ইসলামীর ৮ জন, শহীদ পরিবারের মধ্যে একজন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপার একজন করে সংরক্ষিত নারী আসনে মোট ১৩ জন মনোনয়ন জমা দিয়েছে।

 

নির্বাচন কমিশনের পূর্বঘোষিত তপশিল অনুযায়ী রিটার্নিং অফিসার আগামী ২২ এপ্রিল দুপুর দুইটা থেকে বিকেল চারটা ও ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। প্রার্থীদের মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ২৬ এপ্রিল এবং কমিশন আপিল নিষ্পত্তি করবেন ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।