Image description

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

তিনি বলেছেন, ‘আজ ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই সহানুভূতি জানিয়ে লিখেছেন যে, আমি সংসদে থাকছি না। সংরক্ষিত আসনে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল আমাকে। কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি সেই প্রস্তাব।’

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেছেন তিনি।

সংসদে গিয়ে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘কিন্তু ঐকমত্য কমিশনে আমি বলেছিলাম যে, সংরক্ষিত নারী আসন পূরণ হওয়া উচিত জনগণের সরাসরি ভোটে, দলীয় মনোনয়নে নয়। এর পক্ষে যুক্তি দিয়েছি, ক্যাম্পেইন করেছি, স্বাক্ষরও নিয়েছি আপনাদের। এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর ভিন্ন অবস্থান নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

‘আজ যারা সংসদে যাচ্ছেন, তাদের নিয়ে আমার এই মন্তব্য নয়। তাদের অনেকেই অত্যন্ত যোগ্য মানুষ। নিজ নিজ দক্ষতায় সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তারা। তাদের সফলতা কামনা করি। আমার অবস্থানটি সিস্টেম নিয়ে,’ যোগ করেছেন তিনি।

তাসনিম জারা বলেছেন, ‘যিনি জনগণের ভোটে সংসদে যান, তিনি জবাবদিহি করেন ভোটারদের কাছে। দলের বিরুদ্ধেও কথা বলতে পারেন প্রয়োজনে। আর যিনি দলীয় মনোনয়নে সংসদে যান, তার কোনো নির্বাচনী এলাকা থাকে না, কোনো ভোটার থাকে না। এটি কোনো ব্যক্তির সততার প্রশ্ন নয়, বরং কাঠামোগত দুর্বলতার প্রশ্ন। মানুষ যার কাছে জবাবদিহি করে, শেষ পর্যন্ত রক্ষা পায় তার স্বার্থই। বাংলাদেশে অর্ধেকের বেশি জনসংখ্যা নারী। তাদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আসা উচিত। সংরক্ষিত আসন যদি থাকতেই হয়, সেগুলোও নির্ধারিত হোক জনগণের ভোটে।’

‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম ঢাকা-৯ আসনে। মাত্র ১৯ দিনের প্রচারে, পোস্টার ছাড়া, মিছিল ছাড়া, নির্বাচনী ব্যয়ের সীমা মেনে, আমাকে ভোট দিয়েছিলেন ৪৪ হাজারের বেশি মানুষ। আপনাদের ভোটেই যেতে চাই সংসদে। আর সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করা সম্ভব,’ উল্লেখ করেছেন তিনি।