Image description

বিশিষ্ঠ শিক্ষাবিদ, লেখক ও ইসলামি চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা মুনীরুযযামান ফরিদী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

মরহুমের বড় ছেলে ফরিদী নুমান এশিয়া পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল হৃদযন্ত্রক্রিয়াজনিত সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। সবার কাছে আব্বার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাই।

 

অধ্যক্ষ মুনীরুযযামান ফরিদী গোপালগঞ্জের কোটালীপাড়ার সাতপাড় সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৩৫ সালের ৮ মার্চ গোপালগঞ্জের শুকতাইল গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলশিক্ষক মোহাম্মদ ঈমান উদ্দীন বিশ্বাস এবং নূরজাহান বেগমের ৭ সন্তানের প্রথম সন্তান ছিলেন তিনি। ঢাকার লালবাগের জামি’আ কুরআ’নিয়া মাদ্রাসা থেকে তিনি ‘দাওরায়ে হাদীস’ পাস করেন। পরে ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে এমএ-তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন।

 

১৯৬৮ সালে তার কর্মজীবন শুরু হয় মাদারীপুরের বরহামগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষকতার মাধ্যমে। তবে সত্তরের নির্বাচনে আইয়ুববিরোধী আন্দোলনের অংশ হিসেবে এলাকায় দায়িত্ব পালনের জন্য চাকরি ছেড়ে ফিরে যান গোপালগঞ্জে। ১৯৭০ সালে যোগ দেন বরিশালের সরকারি ফজলুল হক কলেজে। ১৯৮০ সালে তাকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বদলি করা হয়। ১৯৯২ সালে গোপালগঞ্জের সাতপাড়ে সরকারি নজরুল কলেজের সহ-অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে তাকে বদলি করা হয়। ১৯৯৩ সালে অধ্যক্ষ মুনীরুযযামান ফরিদী অবসর গ্রহণ করেন।

 

তার লেখা বিপুল প্রবন্ধ স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে ছাপা হয়েছে। তার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ৩টি।