সৌদি আরবে নাজরান শহরে সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামে প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু। এর আগে, গতকাল শনিবার ১৮ এপ্রিল রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবাটা গ্রামের চান মিয়ার ছেলে। অপরদিকে, আহত মো.জুলেয়ল (২৮) ও মো. হোসেন (৩২) একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সৌদি আরবে যান ফরহাদ। শনিবার রাতে বিমানবন্দরে যাওয়ার পথে নাজরান এলাকায় একটি লরির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে ফরহাদসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
আহত জুলেয়ল ও হোসেন বর্তমানে হাসপাতালে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।