মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা গ্রহণ করলে এখন থেকে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক নির্দেশনায় এ নতুন নিয়ম কার্যকর করার কথা জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশে বা বিদেশে যেকোনো সফরকে সরকারি নাকি ব্যক্তিগত—তা সফরসূচির চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারি সফরের ক্ষেত্রে যানবাহন, আবাসনসহ সব ব্যয় সরকার বহন করবে। তবে ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা নিলে সংশ্লিষ্ট ব্যয় নিজেকেই পরিশোধ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর যাতায়াতের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরে ঢাকায় যাত্রা ও প্রত্যাবর্তনের সময় একান্ত সচিব দায়িত্ব পালন করবেন।
জেলা পর্যায়ের সফরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অভ্যর্থনা ও বিদায়ের দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে তারা অতিরিক্ত কর্মকর্তাকে দায়িত্ব দিতে পারবেন।
উপজেলা পর্যায়ের সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দায়িত্বে থাকবেন। তবে অপ্রয়োজনে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক নয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমানবন্দর বা রেলস্টেশনে আগমন-প্রস্থানে প্রয়োজন না হলে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক নয়। ট্রানজিট ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার প্রশাসনের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানাতে হবে। একইসঙ্গে সার্কিট হাউস বা সরকারি রেস্ট হাউসের বাইরে অবস্থান করলেও নিরাপত্তা নিয়ম কার্যকর থাকবে।
এই নির্দেশনার মাধ্যমে ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা আগের নির্দেশনা বাতিল করা হয়েছে এবং দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে তা পাঠানো হয়েছে।
শীর্ষনিউজ