জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি প্রদান করা হয়।
দুদকের পক্ষে সহকারী পরিচালক আল-আমিন আদালতে আবেদন করেন। এতে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে থাকা আসামি পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার নথি অনুযায়ী, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের তথ্যও তদন্তে উঠে এসেছে।
অভিযোগে আরও বলা হয়, এসব অর্থের মধ্যে ৩২ কোটি টাকারও বেশি জমা এবং প্রায় ৩০ কোটি টাকার কাছাকাছি উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন হয়েছে, যা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করছে দুদক।
দুদক জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবেই জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি নেওয়া হয়েছে।
শীর্ষনিউজ