Image description

জ্বরের চিকিৎসা নিতে আসা পাঁচ বছরের এক শিশুকে ভুলবশত কুকুরের কামড়ের ভ্যাকসিন (এআরভি) পুশ করার ঘটনায় অভিযুক্ত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আবু ইউসুফকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বদলি করায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ৮ এপ্রিল চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলিফা (৫) নামের এক শিশুকে নিয়ে তার পরিবার হাসপাতালে আসে। শিশুটি জ্বরে আক্রান্ত ছিল।

কর্তব্যরত চিকিৎসক আবু ইউসুফ অসাবধানতাবশত অন্য এক রোগীর জন্য আনা জলাতঙ্ক নিরোধক ভ্যাকসিন ওই শিশুর শরীরে পুশ করেন। এই কাণ্ডজ্ঞানহীন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং চিকিৎসকের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনাটি তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ এপ্রিল এক আদেশের মাধ্যমে আবু ইউসুফকে শাহরাস্তি থেকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাস্তিমূলক বদলি করে। তবে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে জানা গেছে, এখনো ওই চিকিৎসক কাজে যোগদান করেননি।

এদিকে, ওই চিকিৎসককে সন্দ্বীপে পাঠানোর খবরে রবিবার রাত থেকে দ্বীপের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন ক্ষুব্ধ হয়ে এ প্রতিবেদককে বলেন, ‘সন্দ্বীপ কি ডাম্পিং স্টেশন? অপরাধের শাস্তি হিসেবে চিকিৎসককে দুর্গম এলাকায় বদলি করার মাধ্যমে কি পরোক্ষভাবে ওই এলাকার মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে না?’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ সন্দ্বীপ ছাত্র ফোরামের সাবেক সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী মো. ওমর ফয়সাল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমরা উন্নত চিকিৎসা চাই, কোনো অদক্ষ বা দায়িত্বজ্ঞানহীন চিকিৎসকের চারণভূমি হিসেবে সন্দ্বীপকে দেখতে চাই না। স্বাস্থ্য অধিদপ্তরের উচিত ছিল তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া, বদলি কোনো সমাধান নয়।’

শীর্ষনিউজ