বগুড়া সফরের সময় কোনো ঘোষণা ছাড়াই আকস্মিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমালা ইউনিয়নের একটি গ্রামে ভ্রমণ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে মন্ত্রী তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে ছুটে যান শালমারার নিয়ামতের বাইগুনী গ্রামে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের বন্ধুত্ব শুরু। তার নাম আহসান হাবীব ছানা মিয়া।
মন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও আশপাশের গ্রামবাসী তাকে একনজর দেখার জন্য ভিড় করে। এ সময় তিনি কোনো প্রোটোকল ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান ও বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে তিনি গ্রামের পথ ধরে বন্ধু ও তার সফরসঙ্গীদের নিয়ে হেঁটে গ্রাম ঘুরে দেখেন।
স্থানীয়রা জানায়, সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর বন্ধুত্বের টানে ছুটে আসা ও তার বাড়িতে সময় কাটানো খুবই বিরল ঘটনা।
তবে আইনমন্ত্রী কুশল বিনিময়, বন্ধু ও তার পরিবারের সঙ্গে একান্তে আলাপচারিতা ছাড়া সংবাদকর্মীদের সঙ্গে কোনো বিষয়ে কথা বলেননি।