Image description

রাজধানীর গুলশানে স্কুলপড়ুয়া ১২ বছর বয়সের এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম মঈনুদ্দিন চৌধুরী। 

 

রোববার (১৯ এপ্রিল) গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ওসি দাউদ হোসেন জানান, গুলশান থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আজ সকালে শাহজাদপুরের নিজ বাসা থেকে অভিযুক্ত শিক্ষক মাঈনুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেন গুলশান থানা পুলিশের একটি দল। এরপর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মঈনুদ্দিন একজন করপোরেট ট্রেইনার পাশাপাশি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি গুলশান থানার শাহজাদপুর এলাকায় ভুক্তভোগী কিশোরের পরিবারের পাশের ফ্ল্যাটে থাকতেন।

 

ভুক্তভোগী ওই কিশোর বাসার পাশে মাঠে খেলার সময় অভিযুক্ত শিক্ষক তাকে  ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভনে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে যৌন নির্যাতন করে এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্যে ভয়ভীতিও দেখায় বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ঘটনায় পর ভুক্তভোগী কিশোর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তার দেখানো হয়। এরপর ওই কিশোরকে শিক্ষক মাঈনুদ্দিন আরেক দফা নির্যাতন করলে ভুক্তভোগীর পরিবার গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।