ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনের আগে শেষ দিকের প্রচার চলছে। এমন সময়ে রোববার (১৯ এপ্রিল) ছুটির দিনে প্রচারে বেরিয়ে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে অন্য মেজাজে ধরা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রচারের ফাঁকেই রাস্তার পাশের একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছেন তিনি।
তখন ভারতের এ প্রধানমন্ত্রীর মুড়ি খাওয়া দেখতে ভিড় করেন উৎসুক জনতা। ওই সময় নিজে খাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সেই মুড়ি ভাগ করে খান মোদি। খাওয়া শেষে তিনি দোকানদারকে মুড়ির দাম হিসেবে ১০ রুপি দিয়েছেন৷
সভামঞ্চ থেকে হেলিকপ্টারে ওঠার আগে হঠাৎ রাস্তার দিকে এগিয়ে যান মোদি। সেখানে রাজকলেজ মোড়ের ‘স্বপনলালের স্পেশ্যাল মুড়ির’ দোকানে সবাইকে চমকে দিয়ে ঢুকে পড়েন তিনি। ওই দোকানের মালিক বিক্রম সাউ। তিনি এলাকায় ‘বিহারীবাবু’ নামে পরিচিত। বিক্রম এখনও সেই আকস্মিকতার রেশ কাটিয়ে উঠতে পারছেন না।
স্বভাবসিদ্ধ আচরণের বাইরে গিয়ে এবার এভাবেই নির্বাচনি জনসংযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদি। রোববার প্রচারের ফাঁকে তার এমন আচরণে অবাক হয়েছেন স্থানীয় মানুষ ও দলীয় নেতাকর্মীরাও।
এ দিন ঝাড়গ্রাম থেকে তৃণমূলকে একাধিক বিষয়ে দোষারোপ করেন মোদি৷ তিনি বলেন, এখানে একবার বিদ্যুৎ চলে গেলে, সেটা আর ফিরে আসে না। কিন্তু বিদ্যুৎ বিল চলে আসে। তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের জন্য বাংলার সবকিছু নষ্ট হচ্ছে। তাই আমি সংকল্প করেছি, এখানে কোনো লুটেরাকে ছাড় দেওয়া হবে না। খুঁজে খুঁজে তাদের হিসাব নেওয়া হবে৷
মোদি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের সব অন্যায়ের সাজা হবে, এটা মোদির গ্যারান্টি। এ ছাড়া ঘরে ঘরে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুৎ দেওয়া হবে।