ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন সাংবাদিককে ভূমি অফিসে তালাবদ্ধ করে রাখার অভিযোগে এক সহকারী ভূমি কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে তিন সাংবাদিক—বাংলা টিভির নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং ‘বাংলাদেশের আলো’ পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহ—ভূমিসংক্রান্ত খারিজের কাজে ঘুষ চাওয়ার অভিযোগ সম্পর্কে তথ্য নিতে সদর ভূমি অফিসে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান তাদের সঙ্গে অসদাচরণ করেন এবং অফিস কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রেখে চলে যান বলে অভিযোগ। এ সময় সেবা নিতে আসা কয়েকজন সাধারণ মানুষও ভেতরে আটকা পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের হস্তক্ষেপে সাংবাদিকরা সেখান থেকে বের হতে পারেন।
বদলির বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শামসুদ্দোহা বলেন, ‘সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোথায় দায়িত্ব দেওয়া হবে, সেখানেই যেতে হবে।’ এ সময় সাংবাদিকদের তালাবদ্ধ রাখার অভিযোগ নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
জেলা প্রশাসক কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ভূমি অফিসে তিন সাংবাদিককে আটকে রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাকে শাস্তিমূলক বদলি হিসেবে জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে স্ট্যান্ড রিলিজ করা হয়।