বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মেঠ এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০) তার স্ত্রী, শ্বশুরসহ কয়েকজনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, অর্থ ও মালামাল লুটের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে দেলোয়ার হোসেন শাহনাজ বেগমকে (৩৫) বিয়ে করেন। দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত। অভিযোগে বলা হয়, তার শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে স্ত্রী তাকে বিভিন্ন ওষুধ সেবনে বাধ্য করতেন এবং মানসিক চাপ সৃষ্টি করতেন।
অভিযোগে আরো বলা হয়, ১৪ এপ্রিল দুপুরে দেলোয়ার হোসেন মোংলা মাছ বাজারে অবস্থানকালে তার স্ত্রী তাকে মোংলা উপজেলা পরিষদের সামনে যেতে বলেন। সেখানে পৌঁছালে তাকে ঘিরে ধরে একটি অটোরিকশায় তুলে মোংলা বাজার এলাকার একটি স্থানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে মারধর করা হয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
পরবর্তীতে তাকে অভিযুক্তদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছ থেকে মাছ বিক্রির ২৬ হাজার ৭০০ টাকা, স্বর্ণ ও রুপার আংটি, একটি স্মার্টফোন এবং একটি হাতঘড়ি নিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সুস্থ হওয়ার পর দেলোয়ার হোসেন মোংলা থানায় লিখিত অভিযোগ করেন।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।