Image description

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।

অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট আবু বক্করসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা।

বক্তারা অভিযোগ করেন, ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি ষড়যন্ত্র করছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

তাদের দাবি, নির্বাচন কমিশন গঠনে দুই প্যানেলের সমান প্রতিনিধিত্ব থাকার নিয়ম থাকলেও কেবল এক পক্ষের সদস্যদের দিয়ে কমিশন গঠন করা হয়েছে। এতে নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে।

দ্রুত সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ বন্ধ না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারিও দেন বক্তারা।