Image description

রংপুরের একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার উদ্দেশে রেখে যাওয়া হয় একটি মোটরসাইকেল। ১২ দিন পার হলেও মালিকের খোঁজ মেলেনি। এ ঘটনা ঘিরে নগরজুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিলিং স্টেশনের এক পাশে নিরাপদে রাখা রয়েছে একটি মোটরসাইকেল।

জানা যায়, রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার মেসার্স ইউনিক ফিলিং স্টেশনে তেল নিতে এসে লাইনে রেখে যান একটি মোটরসাইকেল। টিভিএস কোম্পানির মেট্রো প্লাস মডেলের মোটরসাইকেল যার নম্বর প্লেটে লেখা রয়েছে ‘রংপুর মেট্রো-হ ১১-০৫৭২’। গত ১২ দিন ধরে পড়ে আছে, কিন্তু তার চালকের কোনো খোঁজ নেই। বিষয়টি এখন পাম্প কর্তৃপক্ষের জন্য যেমন উদ্বেগের, তেমনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

ফিলিং স্টেশনের বিক্রয় কর্মী আলমগীর ইসলাম বলেন, ‘সেদিন তেল বিক্রি শুরু হলে দেখি লাইনে একটি মোটরসাইকেল রাখা, কিন্তু চালক নেই। প্রথমে ভেবেছিলাম হয়তো কাছাকাছি কোথাও গেছেন, কিন্তু অনেক সময় পার হলেও তিনি আর আসেননি। পরে অন্য গ্রাহকদের অসুবিধা হওয়ায় আমরা সেটি সরিয়ে পাশে রেখে দিয়েছি।’

তিনি আরো জানান, ‘সেদিন রাতেও পাম্প বন্ধ করার সময় দেখি মোটরসাইকেলটি সেখানেই আছে।

পরদিন সকালেও একই অবস্থায় ছিল। এরপর আমরা সেটিকে পাহারাদারদের জিম্মায় রাখি। কিন্তু এখনো পর্যন্ত মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

ফিলিং স্টেশনের কর্মচারী বিপ্লব ইসলাম বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে চালককে শনাক্ত করার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মোটরসাইকেলটি এমন জায়গায় রাখা ছিল, যা ক্যামেরার আওতার বাইরে।

ফলে চালকের পরিচয় জানা সম্ভব হয়নি।’
পাম্পের ম্যানেজার মিজানুর রহমান জানান, মোটরসাইকেলটি আমাদের জন্য এক ধরনের দায় হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করছি। গণমাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে, যাতে দ্রুত মালিকের সন্ধান পাওয়া যায়।

এদিকে ফিলিং স্টেশনে অপেক্ষমাণ অন্যান্য চালকরা বলছেন, তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যায় না। এতে চরম হতাশা তৈরি হচ্ছে। একজন চালক বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল মেলে না। এমন অবস্থায় কেউ হয়তো বিরক্ত হয়ে গাড়ি রেখে চলে যেতে পারে। এখন তো মনে হচ্ছে, বাইক চালানোই ছেড়ে দিতে হবে।’

শীর্ষনিউজ