সুনামগঞ্জের ছাতকে নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করা জাহানারা চৌধুরী উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান মানিক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর খোরমা ইউনিয়নের নিজ গ্রাম আমরতলাতে মায়ের নামের প্রতিষ্ঠা করা জাহানারা চৌধুরী উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মুহিবুর রহমান মানিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নানা কথা বলেন। তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে অধ্যবসায় ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
এদিকে দীর্ঘ ২০ মাস পর জনসন্মুখে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়া সাবেক এমপি মানিকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তার কর্মী-সমর্থকরা ফেসবুকে ছবি ও ভিডিও শেয়ার করছেন।
পাঁচবারের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সুনামগঞ্জে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি করা হয়। পরে ওই বছরের ৭ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে। এক মাস কারাভোগ করে ওই বছরের ৭ নভেম্বর তিনি আদালত থেকে জামিন পান।