Image description

শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকলে জীবনে অন্তত একবার হজ পালন মুসলমানদের জন্য ফরজ। বাংলাদেশ থেকে প্রতিবছর যেসব মুসলমান হজে যান, তাদের বয়স বিশ্লেষণে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ চিত্র।

২০২৬ সালের তথ্যানুযায়ী, মোট হজযাত্রীর সাড়ে ৫৭ শতাংশের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে।

বাংলাদেশের গড় আয়ু ৭২.৩ বছর হলেও দেখা যায়, অধিকাংশ মানুষ জীবনের শেষ পর্যায়ে এসে যান হজ পালনে। ফলে এই বয়সে হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করতে গিয়ে অনেকেই হন শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি। অন্যদিকে, অনেক মুসলিম দেশে তুলনামূলক কম বয়সেই হজ পালনের প্রবণতা বেশি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেছেন, হজকে অনেকেই মনে করেন জীবনের শেষ ইবাদত হিসেবে। তরুণ বয়সে হজ করলে তার পবিত্রতা রক্ষা করা যাবে না—এমন ভুল ধারণা থেকেও অনেকে হজে যান দেরিতে। পাশাপাশি পারিবারিক দায়িত্ব, যেমন সন্তানদের বিয়ে বা ঘরবাড়ি নির্মাণ সম্পন্ন না করে হজে যাওয়া সামাজিকভাবে গ্রহণযোগ্য মনে করা হয় না। এ ছাড়া চাকরিজীবীদের অবসরকালীন সঞ্চয় ও পেনশনের ওপর নির্ভরশীলতাও দেরিতে হজ পালনের একটি বড় কারণ।

তিনি আরও জানান, বর্তমানে তরুণদের মধ্যেও বাড়ছে হজ পালনের আগ্রহ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৪০ বছর বয়সী হজযাত্রী প্রায় ১২ শতাংশ, ৪০ থেকে ৫০ বছর বয়সী ২৫ শতাংশ, ৫০ থেকে ৬০ বছর বয়সী সাড়ে ৩২ শতাংশ এবং ৬০ থেকে ৭০ বছর বয়সী প্রায় ২৫ শতাংশ। ৭০ বছরের বেশি বয়সী হজযাত্রী রয়েছেন প্রায় ৬ শতাংশ।

বিশ্বের অন্যান্য মুসলিম দেশের তুলনায় বাংলাদেশের চিত্র ভিন্ন। ইন্দোনেশিয়ায় ৩৫ থেকে ৫০ বছর বয়সী হজযাত্রীর হার ৬৫ শতাংশের বেশি, পাকিস্তানে ৪০ থেকে ৫৫ বছর বয়সী প্রায় ৪৫ শতাংশ এবং ভারতে ৪৫ থেকে ৬০ বছর বয়সীরা প্রায় ৩০ শতাংশ করেন হজ পালন।

বয়স্ককালীন হজ পালনে শারীরিক ঝুঁকিও থাকে বেশি। দীর্ঘ হাঁটা, ভিড় এবং তীব্র গরমের কারণে হার্ট অ্যাটাক,বাড়ে হিটস্ট্রোক ও শ্বাসকষ্টজনিত সমস্যার ঝুঁকি। ফলে অনেক সময় প্রয়োজন হয় অন্যদের সহায়তার, যা ইবাদতের প্রভাব ফেলে পূর্ণ মনোযোগে।

শাহ আমানত হজ কাফেলার চেয়ারম্যান ইয়াসিন আলী বলেছেন, শারীরিক সক্ষমতা ও আর্থিক সামর্থ্য থাকলেই হজ ফরজ। তবে এসব শর্ত পূরণ হলেও অনেকেই সময়মতো হজে যান না, ফলে পরবর্তী সময়ে তৈরি হয় নানা জটিলতা।

অন্যদিকে তরুণ বয়সে হজ পালনের সুফল হিসেবে শারীরিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদি নৈতিক প্রভাবের কথা উল্লেখ করেন সংশ্লিষ্টরা। তাদের মতে, তরুণরা সহজে হজের কঠিন আনুষ্ঠানিকতা করতে পারেন সম্পন্ন এবং জীবনের শুরুতেই এ অভিজ্ঞতা তাদের জীবনাচরণে আনে ইতিবাচক পরিবর্তন।

ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে বলা যায়, সেখানে জন্মের পর থেকেই ‘হজ সেভিং অ্যাকাউন্ট’ খোলার মাধ্যমে ভবিষ্যতের জন্য গড়ে তোলা হয় সঞ্চয়, যা তরুণ বয়সেই সহায়তা করে হজ পালনে ।