Image description

নারায়ণগঞ্জে ফেরি থেকে একটি প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

 

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালককে উদ্ধার করা হয়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।

 

ফায়ার সার্ভিস জানায়, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশে ফেরিটি যাত্রা করছিল। ফেরিটি হাজীগঞ্জ ঘাটের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়।

 

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে-সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। পরে ডুবন্ত প্রাইভেটকারটিও উদ্ধার করে তীরে আনা হয়।